ঝিনাইদহে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে শহরের পবহাটি কলাহাট সংলগ্ন মহাসড়ক এবং শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে ধোপাঘাটা নতুন ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাত ১১টার দিকে ঝিনাইদহ বাস টার্মিনাল থেকে আরাপপুর যাওয়ার পথে পবহাটি কলারহাট এলাকায় ট্রাকের ধাক্কায় শাহরিয়ার রহমান শান্ত (৩১) ও টোটন হোসেন (৩৫) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। নিহত শাহরিয়ার রহমান শান্ত শহরের আরাপপুর গ্রামের দুঃখী মাহমুদ সড়কের শাহীন রহমানের ছেলে এবং নিহত টোটন হোসেন ঝিনাইদহ শহরের ব্যাপারি পাড়ার আব্দুস সাত্তারের ছেলে।
অপরদিকে শনিবার সকালে ধোপাঘাটা নতুন ব্রিজ এলাকায় ইজিবাইকের ধাক্কায় সমু বিশ্বাস নামে এক ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সমু বিশ্বাস মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর গ্রামের সুভাষ বিশ্বাসের ছেলে।
আরাপপুর হাইওয়ে পুলিশের ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তে কাজ করছে হাইওয়ে পুলিশ। সকালে নিহত ব্যক্তির মরদেহ হস্তান্তর প্রক্রিয়াধীন।

