ঝিনাইদহ জেলার কৃষিতে আধুনিকায়ন এবং দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ২ডি–৭এন নিষ্কাশন খাল খননকাজের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকালে ঝিনাইদহে আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্পটির ফলক উন্মোচনের মাধ্যমে খননকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খননকাজের উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান খান।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, নির্বাচনের আগে কৃষকদের উন্নয়ন ও কৃষিখাতে সহায়তা বাড়ানোর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে সরকার কাজ করছে। তিনি বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা এবং কৃষি উৎপাদন বাড়াতে সরকার নানা উদ্যোগ নিয়েছে।
ঝিনাইদহের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, খালটি পুনঃখনন করা হলে কৃষকেরা সেচ সুবিধা পাবেন এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতা থেকে ফসল রক্ষা পাবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রকল্পের কাজ সম্পন্ন করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর বলেও তিনি জানান।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশের সমৃদ্ধি ও প্রকল্পের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে মন্ত্রী ও অতিথিরা খননকাজের নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন