ঝিনাইদহের মহেশপুর উপজেলায় মহান স্বাধীনতা দিবসের কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বক্তব্যকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
অভিযোগ উঠেছে, ইউএনও তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উল্লেখ না করায় ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান বর্জন করেছে মহেশপুর উপজেলা বিএনপি।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইউএনও তার বক্তব্য প্রদানকালে মুক্তিযুদ্ধের ইতিহাস ও শহীদদের স্মরণ করেন। তবে বক্তব্যে জিয়াউর রহমানের নাম উল্লেখ না করার অভিযোগ বিএনপির। এতে তারা অসন্তোষ প্রকাশ করেন।
এ ঘটনার পরপরই মহেশপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। এ সময় তারা বলেন, দেশের স্বাধীনতা যুদ্ধে জিয়াউর রহমানের অবদান অনস্বীকার্য এবং তার নাম উপেক্ষা করা দুঃখজনক।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।


