ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পরদিন তেল নিতে আগের দিন থেকেই পাম্পে মোটরসাইকেলের ভিড়

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৬, ০৪:০৭ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর ফিলিং স্টেশনে পরদিন সকালে তেল নেওয়ার জন্য সন্ধ্যা থেকেই ভিড় করতে শুরু করেছে শত শত মোটরসাইকেল।

চালকেরা সিরিয়াল অনুযায়ী সারি সারি মোটরসাইকেল দাঁড় করিয়ে রেখেছেন। কেউ বাসায় গেছেন, আবার কেউ পাম্প ও আশপাশের চায়ের দোকানে বসে সময় কাটাচ্ছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত ১১টার দিকে পাম্প এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, দুই শতাধিক মোটরসাইকেল সারিবদ্ধভাবে পেট্রোল পাম্প ও সড়কের ধারে দাঁড়িয়ে রয়েছে।

মোটরসাইকেলে তেল নিতে আসা রিপন হোসেন নামে এক ব্যক্তি জানান, আগামীকাল সকাল ৭টায় পাম্পে তেল দেওয়া হবে। সকালে এসে সিরিয়াল পাব না এই আশঙ্কায় তাই সন্ধ্যা ৭টায় এসে লাইনে দাঁড়িয়েছি।

হাটগোপালপুর ফিলিং স্টেশনের নজেলম্যান রেজাউল ইসলাম বলেন, আমরা আগামীকাল সকাল ৭টায় তেল দেওয়া শুরু করব। সন্ধ্যা থেকে এখন পর্যন্ত প্রায় দুই শতাধিক মোটরসাইকেল সিরিয়ালে দাঁড়িয়ে আছে।