ঝিনাইদহে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৯টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ অভিযান পরিচালিত হয়।
পরিবেশ অধিদপ্তরের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঝিনাইদহ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবিবুর রহমান। সে সময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান, পরিদর্শক মো. মারুফ বিল্লাহসহ অন্যান্য কর্মচারীবৃন্দ। সে সময় সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ছিল জেলা পুলিশ ও আনসারের দুটি দল।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২৫ লঙ্ঘন ও অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ১১টি যানবাহনে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। যানবাহনের চালক ও উপস্থিত জনতার মধ্যে শব্দদূষণের ক্ষতিকর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। সে সময় জব্দকৃত ১৯টি হাইড্রোলিক হর্ন ধ্বংস করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুন্তাছির রহমান দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘পরিবেশ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের পক্ষ থেকে পরিবেশ দূষণকারী এবং আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’



