ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আকস্মিক বৃষ্টিতে পানির নিচে শত শত বিঘা আলুখেত

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৬, ০৫:০৮ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

টানা দুই দিনের বৃষ্টিতে জয়পুরহাটের কালাই ও ক্ষেতলাল উপজেলার শত শত বিঘা আলুর জমি পানির নিচে তলিয়ে গেছে। জমি থেকে আলু তুলতে না পারায় অনে খেতেই আলু পচে যাচ্ছে।

কেউ কেউ আবার পানির নিচ থেকেই আলু তোলার চেষ্টা করছেন। এমনিতেই বাজারে আলুর দাম কম। তার ওপর জমি পানিতে তলিয়ে যাওয়ায় বিপুল ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।

পরিস্থিতি বেগতিক হওয়ায় জেলা প্রশাসকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসকের নেতৃত্বে স্বেচ্ছাসেবকেরা ওই এলাকার ড্রেন পরিষ্কার করে দ্রুত পানি নিষ্কাশনের চেষ্টা করছেন।

কৃষকেরা কেউ কেউ চড়া মজুরিতে শ্রমিক নিয়োগ করে অথবা পরিবারের সদস্যদের নিয়ে আলু তোলার চেষ্টা করছেন, তবে অনেক ক্ষেত্রেই তা ব্যর্থ হচ্ছে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, আকস্মিক বৃষ্টিতে আলুর মাঠ পানিতে ডুবে গেছে। দ্রুত পানি নিষ্কাশন না হওয়ায় জমিতেই আলু পচে যাচ্ছে। এতে কৃষকেরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। তারা ড্রেনগুলো দ্রুত পরিষ্কার করা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি সহায়তার দাবি জানান।

অধিক বৃষ্টিতে আলুর মাঠ ডুবে যাওয়ায় জেলা প্রশাসক নিজেই স্বেচ্ছাসেবকদের নিয়ে এলাকার ড্রেন পরিষ্কার কার্যক্রমে অংশ নেন।

জেলা প্রশাসক জানান, তিনি ঘটনাস্থলে এসে বিডি ক্লিন নামে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের নিয়ে ড্রেন পরিষ্কার করেছেন। তিনি বলেন, এলাকায় পানি দ্রুত নেমে না যাওয়ায় কৃষকদের ক্ষতি হচ্ছে। সরকারিভাবে কৃষকদের জন্য সহযোগিতার চেষ্টা করা হবে।

জয়পুরহাটে চলতি মৌসুমে প্রায় ৩৯ হাজার ৩০০ হ্যাক্টর জমিতে আলু চাষ হয়েছে। এর মধ্যে কয়েক শ হ্যাক্টর জমির আলু বর্তমানে পানিতে তলিয়ে গেছে।