জয়পুরহাটের কালাইয়ে অবৈধভাবে পেট্রোল মজুত ও বিক্রির অভিযোগে দুইজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। এ ছাড়া তাদের কাছ থেকে প্রায় ২০ লিটার পেট্রোল জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, কালাই উপজেলার ছিলিমপুর গ্রামের রেজাউল এর ছেলে শাকিল এবং হিমাইল গ্রামের মাহে আলমের ছেলে সাজাদুল। এ ঘটনার মূল আসামি হিমাইল গ্রামের আনিরুলের ছেলে ইব্রাহীম ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় আটক দুইজনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাদের ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন কালাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামীম আরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা বলেন, বর্তমানে জ্বালানি তেল নিয়ে আমরা একটা কঠিন সময় পার করছি। তারমধ্যে কিছু অসাধু ব্যবসায়ী ও মজুদদার সেটাকে আরো কঠিন করে তুলছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


