ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘গণতন্ত্র পুনরুদ্ধারে খালেদা জিয়ার সাহসী ভূমিকা তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা’

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৬, ০৮:১১ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের দীর্ঘ সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তার অদম্য ও সাহসী ভূমিকা দেশের তরুণ প্রজন্মসহ বিএনপির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া। তিনি বলেন, নানা প্রতিকূলতা, নির্যাতন ও দীর্ঘ কারাবাস সত্ত্বেও বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপস করেননি। তার নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য পথনির্দেশক হয়ে থাকবে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে মাটিরাঙ্গার চৌধুরী কমিউনিটি সেন্টারে মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড আয়োজিত বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় স্বাগত বক্তব্য রাখেন বেলছড়ি বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য মো. সালাহ উদ্দিন আহম্মেদ।

শোকসভায় বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র কিশোর ত্রিপুরা, যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হানিফ হাওলাদার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান আবু সাঈদ মো. সাদ্দাম হোসেন প্রমুখ।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধই আমাদের স্বাধীনতার একমাত্র ভিত্তি—এমন মন্তব্য করে ওয়াদুদ ভুঁইয়া বলেন, একটি গোষ্ঠী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে ২৪ জুলাইকে মুক্তিযুদ্ধ হিসেবে প্রতিষ্ঠিত করার অপচেষ্টা চালিয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা, আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে খাটো করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

শোকসভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন: খাগড়াছড়ি জেলা বিএনপির সহসভাপতি নাছির আহম্মদ চৌধুরী, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।