খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) ও জনসংহতি সমিতির (জেএসএস-মূল) মধ্যে গোলাগুলির ঘটনায় তিনজন যুবক নিহত হয়েছেন।
সোমবার (৬ জুলাই) উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুই পক্ষের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটে।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করে পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ জানান, গোলাগুলির ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনি বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানতে তদন্ত কার্যক্রম চলছে।
এদিকে, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
তবে এ ঘটনায় এখন পর্যন্ত ইউপিডিএফ কিংবা জেএসএসের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

