ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এক ধাপেই পূর্ণাঙ্গ পে-স্কেল বাস্তবায়নের দাবি 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৮:০৭ পিএম
ছবি : সংগৃহীত

দীর্ঘ ১১ বছরেও নতুন পে-স্কেল বাস্তবায়ন না হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ ও হতাশা বিরাজ করছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ফলে তারা চরম আর্থিক সংকটে পড়েছেন বলে অভিযোগ ওঠে।

শনিবার (০৯ মে) ৯ম জাতীয় পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ ও বাস্তবায়নের দাবিতে খুলনায় বিভাগীয় প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভার আয়োজন করে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, খুলনা জেলা শাখা। এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশাসনিক ইউনিটের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোঃ আবদুল মালেক। সভাপতিত্ব করেন খুলনা জেলা কমিটির সভাপতি সোহানা মির্জা।

প্রধান বক্তা হিসেবে কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আশিকুল ইসলাম ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মু. শাহাবুদ্দিন মুন্সী, শাহিন খান এবং সদস্য রাসেল শেখ। স্বাগত বক্তব্য রাখেন শেখ মহিউদ্দিন প্রিন্স। অনুষ্ঠান সঞ্চালনা করেন নাজমুল ইসলাম ও রাসেল আহমেদ শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে আবদুল মালেক বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার অন্যতম প্রধান শক্তি হলেও দীর্ঘদিন নতুন পে-স্কেল না হওয়ায় তাদের জীবনমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত ৯ম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের দাবি জানান তিনি।

ভিডিও কনফারেন্সে আশিকুল ইসলাম বলেন, ধাপে ধাপে বেতন বাস্তবায়নের কোনো প্রস্তাব তারা মেনে নেবেন না। বর্তমান বাজার পরিস্থিতিতে কর্মচারীদের জীবন সংকটাপন্ন হয়ে পড়েছে। এক দফায় পূর্ণাঙ্গ পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

সভায় বক্তারা বলেন, একটি যুগোপযোগী পে-স্কেল ছাড়া প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখা সম্ভব নয়। দীর্ঘ সময় ধরে নতুন পে-স্কেল না হওয়াকে বৈষম্য ও অবহেলার বহিঃপ্রকাশ বলেও তারা মন্তব্য করেন।

সমাবেশ থেকে দ্রুত সুপারিশ প্রণয়ন কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ, জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিতকরণ এবং ৯ম জাতীয় পে-স্কেলের গেজেট প্রকাশ করে দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানানো হয়।