ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সিএসএস নার্সিং ইনস্টিটিউটে আন্তর্জাতিক নার্সেস দিবস উদযাপন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ১২, ২০২৬, ১১:১৮ পিএম

খুলনার রূপসায় ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৬ উদযাপন করেছে খ্রিষ্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) পরিচালিত সিএসএস নার্সিং ইনস্টিটিউট।

মঙ্গলবার (১২ মে) সকালে প্রতিষ্ঠানটির প্রধান ফটক থেকে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। এতে ইনস্টিটিউটের শিক্ষার্থী, শিক্ষক এবং রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের নার্সরা অংশ নেন।

আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা নার্সিং পেশার গুরুত্ব ও সেবার মানসিকতা নিয়ে আলোচনা করেন।

সিএসএসের হেলথ ডিরেক্টর সাজ্জাদুর রহিম পান্থ বলেন, চিকিৎসাবিজ্ঞানের অবিচ্ছেদ্য অংশ হলো নার্সিং। আমরা শিক্ষার্থীদের সেবার ব্রত হৃদয়ে ধারণ করতে উৎসাহিত করছি।

অনুষ্ঠানে হাসপাতালের সিনিয়র নার্স বাহামুনি মুর্মূ পেশাগত নানা প্রতিবন্ধকতা কাটিয়ে সেবার মানসিকতা অটুট রাখার আহ্বান জানান।

শিক্ষার্থীরা ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আদর্শ অনুসরণ করে উন্নত হাসপাতাল ব্যবস্থাপনা ও রোগীর দ্রুত আরোগ্য নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

র‌্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা নার্সদের ক্ষমতায়ন ও পেশাগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।