গাজীপুরের টঙ্গীর হাজীর মাজার বস্তিতে মাদক কার্যক্রম নিয়ন্ত্রণে অবৈধ বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করতে বিশেষ অভিযান পরিচালনা করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
বুধবার (২২ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ বেলায়েত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এ সময় ডেসকোর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এ কে এম নাজিমুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
যৌথ এই কার্যক্রমে বস্তির বিভিন্ন অপরাধপ্রবণ ও ঝুঁকিপূর্ণ এলাকার অবৈধ বিদ্যুৎ ও ইন্টারনেট লাইন কেটে দেওয়া হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, প্রথাগত অভিযানের পাশাপাশি মাদক স্পটগুলোর বিদ্যুৎ, পানি, গ্যাস ও ইন্টারনেট সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করার প্রক্রিয়া শুরু হয়েছে। হাজীর মাজার বস্তির মতো এত বড় পরিসরে প্রকাশ্যে মাদক সেবনের চিত্র দেশের আর কোথাও দেখা যায় না। এটি দীর্ঘদিন ধরে পুলিশের জন্য বড় উদ্বেগের কারণ ছিল। মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

