ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনকে মারধর, ভিডিও ভাইরাল

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৪:৪৫ পিএম
বনি আমিনের ওপর হামলা। ছবি : ভিডিও থেকে

বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলীয় নাগরিক ও জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর ইতালির রাজধানী রোমে একদল যুবক হামলা চালিয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাতে রোমের তরপিনাতারা আবাসিক এলাকার একটি সড়কে এ ঘটনা ঘটে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি বনি আমিনকে জাপটে ধরে আক্রমণাত্মক আচরণ করছেন। তিনি নিজেকে ছাড়িয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে কয়েকজন তাকে ধাওয়া করেন। পরে রাস্তার পাশে পার্ক করা একটি গাড়ির সামনে ফেলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

ভিডিওতে হামলাকারীদের বাংলায় চিৎকার ও গালাগাল করতে শোনা যায়। তারা বনি আমিনকে বারবার ‘মৌলবাদী’ বলে সম্বোধন করছিল এবং একে অপরকে হামলার জন্য উসকানি দিচ্ছিল।

তবে হামলার সুনির্দিষ্ট কারণ বা হামলাকারীদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন দাবি উঠে এলেও— তিনি মদ্যপ ছিলেন কি না বা রাজনৈতিক মতভিন্নতার কারণে এমন ঘটনা ঘটেছে কি না—এসব তথ্যেরও কোনো সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

নোয়াখালীর হাতিয়ায় জন্ম নেওয়া বনি আমিন বর্তমানে অস্ট্রেলিয়ার নাগরিক। বিশ্বের ৮০টিরও বেশি দেশ ভ্রমণের অভিজ্ঞতা তিনি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন। ভ্রমণের পাশাপাশি সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বিষয়েও মতামত প্রকাশ করে তিনি পরিচিতি পেয়েছেন।

ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।