ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

আনোয়ারায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৫০০ পরিবারের মাঝে প্রত্যাশীর ত্রাণ বিতরণ

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৪:২১ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব বোয়ালিয়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে উন্নয়ন সংস্থা প্রত্যাশী। মঙ্গলবার (২১ জুলাই) পূর্ব বোয়ালিয়ার রূপসী বাংলা কমিউনিটি হলে এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগমের সভাপতিত্বে এবং পরিচালক নাছিম হায়দার শাহীনের সঞ্চালনায় কর্মসূচি পরিচালিত হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে দায়িত্ব পালন করেন প্রত্যাশীর সহকারী পরিচালক (মাইক্রোফাইন্যান্স) মো. মাজিদুল ইসলাম, সিনিয়র ম্যানেজার (মাইক্রোফাইন্যান্স) হোসেন আহমেদ, মো. খোরশেদ আলম, আনোয়ারা এরিয়ার এরিয়া ম্যানেজার শেখ ফরিদ মহিউদ্দিনসহ প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা।

প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জামাল নিজাম বলেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে প্রত্যাশী যে মানবিক উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এই খাদ্য সহায়তা দুর্গত মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে। পাশাপাশি নারী নেতৃত্বের বিকাশে প্রত্যাশীর দীর্ঘদিনের কাজও তিনি প্রশংসার সঙ্গে উল্লেখ করেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে তিনি প্রত্যাশীর কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম বলেন, দুর্যোগ-দুর্বিপাকে মানুষের পাশে থাকা প্রত্যাশীর দীর্ঘদিনের অঙ্গীকার। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগেও সেই ধারাবাহিকতা বজায় রেখে প্রতিষ্ঠানটি ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় কাজ করছে। তিনি সংস্থাটির ৪৩ বছরের উন্নয়ন কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন।

ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, ভোজ্যতেল, আলু, পেঁয়াজ, মুড়ি, ওরস্যালাইন, স্যানিটারি ন্যাপকিনসহ প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।