ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মসজিদের বারান্দা থেকে দিনমজুরের রক্তাক্ত মরদেহ উদ্ধার

খুলনা ব্যুরো
প্রকাশিত: মে ২৪, ২০২৬, ১২:২০ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

খুলনার হরিণটানা থানাধীন কৈয়া বাজার জয়খালী ব্রিজ সংলগ্ন একটি মসজিদের বারান্দা থেকে ডালিম গাজি (৪১) নামে এক দিনমজুরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হরিণটানা থানার ওসি হেলাল উদ্দিন।

নিহত ডালিম গাজি খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন গাজি ও ভানু বিবির ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন এবং কাজের উদ্দেশ্যে খুলনায় এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ফজরের নামাজ আদায়ের জন্য মুসল্লিরা কৈয়া বাজার এলাকার বাইতুল মা’মুর জামে মসজিদে এসে বারান্দায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহতের মাথার ডান পাশে ইটের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ইটও উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ইট দিয়ে আঘাত করে তাকে হত্যা করেছে।

ঘটনাস্থলে সিআইডির একটি টিম আলামত সংগ্রহ করেছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

এ হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। কে বা কারা এ হত্যার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

হরিণটানা থানার ওসি হেলাল উদ্দিন বলেন, স্থানীয়রা সকালে নামাজে এসে মসজিদের বারান্দায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।