ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

নিয়োগ পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার, প্রার্থীকে কারাদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১০:৫৭ পিএম
ছবি- সংগৃহীত

কিশোরগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ২১২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত সুব্রত দাস (২৯) জেলার মিঠামইন উপজেলার বড়হাটি গ্রামের স্বর্গীয় সুধাংশু দাসের ছেলে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও নির্বাচনী কমিটির সভাপতি মোহাম্মদ নাহিদ হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দণ্ডপ্রাপ্ত সুব্রত দাস পরীক্ষায় ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করছিলেন। বিষয়টি নজরে এলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অপরাধের দায়ে তাকে ২৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে আরও দুই দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হোসেন।