ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কিশোরগঞ্জে মোটরসাইকেল-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ, কলেজছাত্র নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৬, ২০২৬, ০৪:৪৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট (মাইজহাটি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. খুরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আরিয়ান সাব্বির পাকুন্দিয়া উপজেলার মধ্য মাইজহাটি গ্রামের আলী হোসেনের ছেলে। তিনি কিশোরগঞ্জের ওয়ালীনেওয়াজ খান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, পুলেরঘাট বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন সাব্বির। মাইজহাটি বাবর আলী মার্কেট এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন কলেজছাত্র সাব্বির। আশঙ্কাজনক অবস্থায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ফারজানা আক্তার (ববি) জানান, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।’

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে কটিয়াদী হাইওয়ে পুলিশ।