কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বিরিপাড়া গ্রামের দৌলত ভুঁইয়ার ছেলে বাহার উদ্দিন ভুঁইয়া (৩০) সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটিতে তাড়াইল উপজেলা কমিটির জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
বাহার উদ্দিন ২০২৪ সালের ৫ আগস্ট দুপুর ১টা ২০ মিনিটে ঢাকার উত্তরার জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকালে ছররা গুলিতে গুরুতর আহত হন। ওই ঘটনায় তার শরীরে মোট ৫৭টি ছররা গুলি বিদ্ধ হয়। এর মধ্যে একটি গুলি ডান চোখের ওপর লাগে। গুরুতর এ আঘাতে বর্তমানে তার ডান চোখের প্রায় ৯০ শতাংশ দৃষ্টিশক্তি নষ্ট হয়ে গেছে।
জুলাই গণঅভ্যুত্থানে আহত হওয়ার ঘটনায় সরকার তাকে ‘ক্যাটাগরি–সি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে। পাশাপাশি তিনি সরকারের পক্ষ থেকে ২ লাখ টাকা আর্থিক সহায়তা পেয়েছেন।
শিক্ষাজীবনে তিনি সরকারি তিতুমীর কলেজ থেকে ২০২৪ সালে মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি নিজ এলাকায় একটি গরুর খামার পরিচালনার পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর বাহার উদ্দিন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং মহান মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে জনগণের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য। দলের দেওয়া দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করব। একই সঙ্গে আহত যোদ্ধাদের অধিকার ও মর্যাদা রক্ষায়ও কাজ করে যাব।’
স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, জুলাই গণঅভ্যুত্থানে আহত একজন সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে বাহার উদ্দিনের অভিজ্ঞতা ও নেতৃত্ব এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং তৃণমূলে দলের কার্যক্রমকে শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

