কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় অবৈধ অটোরিকশা স্ট্যান্ড ও সড়কে যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ৮৯(৫) উপধারায় ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে যানজট সৃষ্টির দায়ে ৩৩টি অটোরিকশা জব্দ করে তাড়াইল থানায় হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বেলা ১১টায় উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার।
অভিযান চলাকালে সড়কের ওপর অবৈধভাবে অটোরিকশা দাঁড় করিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং জনদুর্ভোগের অভিযোগে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এ সময় চালকদের সড়ক শৃঙ্খলা মেনে চলা, নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং করা এবং যানজট সৃষ্টি না করার জন্য সতর্ক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা আখতার বলেন, জনস্বার্থে সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। যানজট সৃষ্টি ও আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

