ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করে প্রশংসিত রিন্টু 

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬, ০২:৪১ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের গ্রামের রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করে ইতিবাচক আলোচনায় দৃষ্টান্ত গড়েছেন আব্দুল হাকিম রিন্টু। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। বিএনপির রাজনীতি করায় আওয়ামী লীগ শাসনামলে কারা নির্যাতিত এই নেতা ক্লিন ইমেজ সৃষ্টি করেছেন। আগামী ভাটরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হবেন বলেও গুঞ্জন চলছে। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীদের একাট্টা করার মাধ্যমে নিজস্ব অর্থায়নে খোয়া বালি দিয়ে রাস্তা সংস্কার করে দিচ্ছেন। গ্রামীণ জনপদে জনসম্পৃক্ত কর্মকাণ্ডে প্রশংসা কুড়াচ্ছেন আব্দুল হাকিম রিন্টু। 

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি ভাটরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভাগবজর গ্রামের উত্তরপাড়া ৩০-৩২ বাড়ির যাতায়াতের রাস্তা পানির মধ্য তলিয়ে যায়। বিষয়টি জানার পরপরই পদক্ষেপ নেওয়া হয়। দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবীদের একাট্টা করে নিজস্ব অর্থায়ন আর স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার করে দেন রিন্টু। এ ছাড়া বিলশা বেলঘড়িয়া এলাকার বিধবা নারীর যাতায়াতের রাস্তায় ইট সোলিং করে দিয়েছেন। ৬ নম্বর ওয়ার্ডের নাগড়া পূর্বপাড়া ইট কিনে সোলিং ও বর্ষার পানি বের করার জন্য নিজ হাতে পাইপ বসিয়ে দেন। ভাটরা পূর্বপাড়া অকেজো রাস্তা নিজস্ব অর্থায়নে খোয়া বালি দিয়ে সংস্কার করেছেন। ৩ নম্বর ওয়ার্ডের একটি রাস্তা ইটের আদল, খোয়া, বালু দিয়ে সংস্কার, ভাগবজর পূর্বপাড়া পাকা রাস্তা থেকে মোতারফের বাড়ির রাস্তাও সংস্কার করা হয়। ২ নম্বর ওয়ার্ডের পদ্মপুকুর গ্রামে দুটি রাস্তা সংস্কার করায় মানুষের দুর্ভোগ কমেছে। 

স্বেচ্ছাশ্রমে জনসম্পৃক্ত কর্মকাণ্ডে অংশ নেন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা সিপন তালুকদার, সাবেক ছাত্রদল নেতা রাকিব আলি তালুকদার, রোহান আলী, ভাটরা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা রাকিব তালুকদার, শরিফ, আল তৌহিদ, আল আমিন রাতুল, জিসান মাহমুদ, সুমন হোসেন, সোয়াইব ইসলাম, মিজানুর রহমান, ফেরদৌস আলী, নিয়ন তালুকদারসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী।

বগুড়া-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেনের প্রচেষ্টায় গ্রামীণ জনপদের ব্যাপক উন্নয়ন হচ্ছে বলে প্রচার চালাচ্ছেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু। তিনি বলেন, ভাগবজর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তাও সংস্কার করেছি। ভাটরা ইউনিয়নের ৫৬ গ্রামে নিজস্ব অর্থায়নে উন্নয়নের ছোঁয়া পৌঁছাব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে প্রতিটি গ্রামে ডোর টু ডোর ধানের শীষে ভোট চেয়েছি। বগুড়ার কৃতি সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিটি সেবা বাড়ি বাড়ি পৌঁছে দিবেন বলেও জানিয়েছেন।