হায়দ্রাবাদ থেকে লন্ডনগামী একটি ফ্লাইটে উড্ডয়নের পর তিনজন পাইলটই অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তদন্ত শুরু করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। প্রাথমিকভাবে এটি খাদ্য বিষক্রিয়াজনিত ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট বিএ২৭৬ হায়দ্রাবাদ থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার কিছু সময় পরই পাইলটদের শারীরিক সমস্যা দেখা দেয়। জানা গেছে, তারা উড্ডয়নের আগে হায়দ্রাবাদে রাতযাপন করেছিলেন।
গালফ নিউজের তথ্য অনুযায়ী, বিমানটি প্রায় ৩০ হাজার ফুট উচ্চতায় পৌঁছালে একজন পাইলট গুরুতর অসুস্থ হয়ে দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়েন। লন্ডনে পৌঁছানোর পর তাকে বিমানেই অক্সিজেন দেওয়া হয় এবং পরে চিকিৎসা দেওয়া হয়। অপর দুই পাইলটও অসুস্থ বোধ করলেও তারা ফ্লাইট পরিচালনা চালিয়ে যান। তবে যাত্রাপথে তাদের শারীরিক অবস্থারও অবনতি ঘটে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ব্রিটিশ এয়ারওয়েজ এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করেই ফ্লাইট পরিচালনা করা হয়েছে এবং নিরাপত্তার ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হয়নি। একই সঙ্গে ক্রু সদস্যদের সুস্থতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে সংস্থাটি।
ঘটনার পর হায়দ্রাবাদে ক্রু সদস্যদের জন্য নির্ধারিত হোটেলের খাবার ও আবাসন ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিন পাইলটই উড্ডয়নের আগে একই হোটেলে সকালের নাশতা করেছিলেন। এছাড়া তারা একটি বহিরাগত প্রতিষ্ঠানের সরবরাহ করা বোতলজাত পানি পান করেছিলেন।
অসুস্থতার ঘটনার পর তিনজন পাইলটই বিমান নিরাপত্তা সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছেন। তাদের কাছ থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়েছে এবং সম্ভাব্য খাদ্য বিষক্রিয়ার উৎস শনাক্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে।
ব্রিটিশ এয়ারওয়েজ যুক্তরাজ্যের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা। লন্ডনভিত্তিক এয়ারলাইনটি বিশ্বের ২০০টিরও বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে এবং এর প্রধান কার্যক্রম পরিচালিত হয় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে।

