নওগাঁর বদলগাছীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা। তিনি উপজেলার সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের নিজ নিজ এলাকায় মাদক প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান।
২৩ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি ফজলে হুদা বাবুল বলেন, মাদক সমাজ ও তরুণ প্রজন্মের জন্য বড় হুমকি। এ সমস্যা মোকাবিলায় জনপ্রতিনিধি, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উদ্দেশে নির্দিষ্ট সময়সীমার মধ্যে নিজ নিজ এলাকায় মাদক নিয়ন্ত্রণে আনতে দৃশ্যমান অগ্রগতি আনার ওপর জোর দেন। পাশাপাশি মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান।
সভায় তিনি তরুণদের মাদক থেকে দূরে রাখতে প্রতিটি ইউনিয়নে খেলাধুলার পরিবেশ গড়ে তোলা, খেলার মাঠ সংরক্ষণ ও ক্রীড়াচর্চা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন। এ ছাড়া উপজেলার বিভিন্ন জনসেবামূলক সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।
সভায় সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কানিস ফারহানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন, সব দপ্তরের কর্মকর্তা ও সব ইউনিয়নের চেয়ারম্যানসহ আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

