ভারতের চলমান ছাত্র আন্দোলনের প্রতি পূর্ণ ও নিঃশর্ত সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক খোলা চিঠিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাহসী সংগ্রামের প্রশংসা করে তাদের প্রতি সমর্থন জানানো হয়।
চিঠিতে বলা হয়, ন্যায়বিচার, শিক্ষা, অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ভারতীয় শিক্ষার্থীদের চলমান আন্দোলন লাখো মানুষের হৃদয় স্পর্শ করেছে এবং অনুপ্রেরণা জুগিয়েছে। এই আন্দোলন নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের শক্তিশালী প্রতীক এবং উপমহাদেশজুড়ে তরুণদের অধিকার আদায়ের সংগ্রামের আলোকবর্তিকায় পরিণত হয়েছে বলেও উল্লেখ করা হয়।
জামায়াতে ইসলামী জানায়, আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর যে–কোনো ধরনের দমন-পীড়ন, সহিংসতা ও অবিচারের তীব্র নিন্দা জানায় তারা।
চিঠিতে আরও বলা হয়, ইসলামী আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাসে ছাত্ররা সবসময় সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রামের অগ্রভাগে ছিল। ভারতীয় শিক্ষার্থীদের সাহসিকতা ও দৃঢ় পদক্ষেপ ইতিহাসে উজ্জ্বল অধ্যায় হিসেবে লিপিবদ্ধ হবে বলে আশা প্রকাশ করা হয়।
শেষাংশে মহান আল্লাহর কাছে আন্দোলনকারী শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা কবুল করা, ন্যায্য দাবি আদায়ে সফলতা দান, অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের ঐক্য সুদৃঢ় করার জন্য দোয়া করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চিঠিতে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্তিপূর্ণ ও নীতিনিষ্ঠ আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে জানায়, তারা ভারতের চলমান ছাত্র আন্দোলনের পাশে রয়েছে।

