ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্ত্রীর স্বীকৃতি ও সন্তানের পিতৃত্বের দাবিতে যুবকের বাড়িতে দুই নারীর অবস্থান

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ০৮:০১ পিএম
ছবি- সংগৃহীত

স্ত্রীর স্বীকৃতি ও সন্তানের পিতৃত্বের দাবিতে সন্তানদের সঙ্গে নিয়ে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে এক যুবকের বাড়িতে অবস্থান করছেন দুই নারী। এ ঘটনায় ওই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, ঢাকা ও কুমিল্লা থেকে আসা শারমিন আক্তার ও হোসনে আরা নামের দুই নারী আপেল মাহমুদ নামের এক যুবকের বাড়িতে অবস্থান করছেন। আপেল মাহমুদ ওই এলাকার আবু হোসেনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার থেকেই ওই দুই নারী স্ত্রীর স্বীকৃতির দাবিতে আপেল মাহমুদের বাড়িতে অবস্থান করছেন। তাদের মধ্যে শারমিন আক্তারের সঙ্গে প্রায় ৮ বছর বয়সী এক কন্যাসন্তান এবং হোসনে আরার সঙ্গে ১৬ মাস বয়সী এক পুত্রসন্তান রয়েছে।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমছে। বিষয়টি সমাধানে স্থানীয়রা অভিযুক্ত যুবকের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ভুক্তভোগী শারমিন আক্তার বলেন, আমি স্ত্রীর স্বীকৃতি ও আমার সন্তানের পিতার স্বীকৃতি চাই। আমি সংসার করতে চাই। দাবি আদায় না হওয়া পর্যন্ত এখানে অবস্থান চালিয়ে যাব।

অপর ভুক্তভোগী হোসনে আরা বলেন, আমিও আমার সন্তানের পিতার স্বীকৃতি চাই। এ দাবিতে আমি এখানে অবস্থান করছি। আমাকে আঘাত করার চেষ্টা করা হয়েছে। স্বীকৃতি না পাওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না।

স্থানীয় বাসিন্দা মকবুল মিয়া জানান, গতকাল থেকে দুই নারী এখানে অবস্থান করছেন। এতে এলাকায় মানুষের ভিড় বেড়েছে।

তবে এ বিষয়ে জানতে অভিযুক্ত আপেল মাহমুদের ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

সদরের ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, বিষয়টি শুনেছি, তবে এর সত্যতা যাচাই করা হয়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।