ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘নির্বাচনে মানুষের আবেগ-অনুভূতিকে কাজে লাগিয়ে ভোট চায়, কিন্তু সেতু নির্মাণ হয় না’

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৩:১৯ পিএম
কুড়িগ্রামে ফুলবাড়ী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন। ছবি : রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামে ফুলবাড়ী থেকে বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) বেলা ১১টায় কুড়িগ্রামের আরডিআরএস বাজার থেকে পেড্ডার মোড় পর্যন্ত ধরলা বাঁধে সর্বস্তরের জনগণের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়৷

ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত নানা শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন হলোখানা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা, শহিদুল ইসলাম শহীদ, আশরাফুল আলম, নজরুল ইসলাম, সাইফুর রহমান, ইউনুস আলি প্রমুখ।

হলোখানা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রেজা বলেন, ‘কুড়িগ্রামের ফুলবাড়ী-নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলার মানুষের জন্য বাংটুর ঘাটে তৃতীয় ধরলা সেতু নির্মাণ অপরিহার্য। দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ এই ব্রিজটি নির্মাণের দাবি জানালেও কোনো কাজ হচ্ছে না। নির্বাচন এলে এলাকার মানুষের আবেগ-অনুভূতিকে কাজে লাগিয়ে অনেকেই ভোট চায়, কিন্তু সেতু নির্মাণ হয় না। আমরা এ অঞ্চলের মানুষ মানববন্ধনে দাঁড়িয়েছি। আমাদের সবার প্রাণের দাবি বাংটুর ঘাট এলাকায় তৃতীয় ধরলা সেতু নির্মাণ করা হোক।’

কৃষক শহিদুল ইসলাম শহীদ বলেন, ‘দীর্ঘ দিন ধরে ফুলবাড়ী থেকে বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতুর দাবি জানানো হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত কোনো উদ্যোগ নেই। এই সেতুটির অভাবে চরম ভোগান্তি ও দুর্ভোগের শিকার হচ্ছেন কুড়িগ্রাম সদরের হলোখানা, কাঁঠালবাড়ী ইউনিয়নসহ ফুলবাড়ী উপজেলার মানুষজন।’

তিনি আরও বলেন, ‘সেতু না থাকায় গর্ভবতী নারীর ডেলিভারি করাতে নানা বিড়ম্বনার শিকার হতে হয়। কৃষকরা কৃষিপণ্যের ন্যায্যমূল্য পায় না। নানা দুর্ভোগ নিয়ে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যায়। ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই অবিলম্বে ফুলবাড়ী থেকে বাংটুর ঘাট পর্যন্ত তৃতীয় ধরলা সেতুর নির্মাণের জোর দাবি জানানো হচ্ছে।’