ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

উলিপুরে ৭০ শতক খাস জমি দখলমুক্ত

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২৬, ১০:৩৪ পিএম
দখলমুক্ত করা হলো সরকারি খাস জমি। ছবি : রূপালী বাংলাদেশ

কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় উচ্ছেদ অভিযানে অবৈধ দখলে থাকা ৭০ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বুড়াবুড়ি হাট এলাকার পেরিফেরিভুক্ত ২৪৬৮ দাগে ৬৫ শতক এবং ২৪৭১ দাগে ৫ শতক জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে ছিল। অভিযানের মাধ্যমে এসব জমি দখলমুক্ত করা হয়। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

জেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।