ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

‘জনগণ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে সেই নিরাপত্তা নিশ্চিত করতে হবে’

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৮:১৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, নির্বাচনে জনগণ যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারে এবং ভোট দিতে পারে- এ ব্যাপারে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া হাজী শরীয়তুল্লাহ একাডেমিতে শিবিরের সাথী সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলাম ও অন্যান্য স্টেকহোল্ডারদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের পদক্ষেপ এখন পর্যন্ত আশাব্যঞ্জক নয়। আমরা বলেছি, প্রশাসন যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং কোনো এক পক্ষের দিকে ঝুঁকে না পড়ে। কিন্তু প্রশাসন এক পক্ষের দিকে ঝুঁকে পড়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে উঠে-পড়ে লেগেছে।

শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য প্রশাসনের যে তৎপরতা থাকার কথা ছিল, সেখানে আমরা দুর্বলতা দেখছি। ওসমান হাদীসহ বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, কিন্তু এর কোনো প্রতিকার নেই। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার তৎপরতাও দুর্বল অবস্থায় রয়েছে।

তিনি বলেন, জুলাই পরবর্তী সময়ে আমরা চিন্তা করেছিলাম—চাঁদাবাজি ও টেন্ডারবাজিমুক্ত বাংলাদেশ গড়া হবে। কিন্তু কোনো জায়গায় কোনো ধরনের উন্নতি আমরা লক্ষ্য করছি না। বর্তমান অন্তর্বর্তী সরকারের শক্ত অবস্থান না থাকার কারণে ধীরে ধীরে অপকর্মগুলো বেড়েই চলেছে।

তিনি আরও বলেন, যে ধরনের অরাজকতা হচ্ছে, সরকারের কিছু ক্ষেত্রে সদিচ্ছা থাকলেও রুট লেভেলে প্রশাসন সঠিকভাবে রেসপন্স করছে না। এর দায়-দায়িত্ব সরকারকেই নিতে হবে। নির্বাচনে জনগণ যেন নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারে এবং ভোট দিতে পারে—এ ব্যাপারে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই হবে।

এ সময় কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম, সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দ্দার, কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুফতি আমির হামজাসহ অন্যরা উপস্থিত ছিলেন।