ঢাকা রবিবার, ১৪ জুন, ২০২৬

কাতারের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে সুইজারল্যান্ড

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ১৪, ২০২৬, ০২:৩৯ এএম
ছবি : সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে কাতারের বিপক্ষে প্রথমার্ধ শেষে ব্রিল এমবোলোর পেনাল্টিতে ১-০ গোলে এগিয়ে রয়েছে সুইজারল্যান্ড।

রোববার (১৪ জুন) সান ফ্রান্সিস্কো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ইউরোপিয়ান দলটি।

ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল সুইজারল্যান্ড। প্রথমার্ধে তারা ৬৫ শতাংশ সময় বল দখলে রেখে মোট ১৪টি শট নেয়, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে কাতার মাত্র ৩টি শট নিতে পারে, যার ২টি গোলমুখে ছিল।

তবে ম্যাচের শুরুতেই সুযোগ পায় কাতার। তৃতীয় মিনিটে সুইস ডিফেন্ডার ম্যানুয়েল আকানজির ভুলে একক সুযোগ পান এডমিলসন, কিন্তু সুইস গোলরক্ষক গ্রেগর কোবেল দ্রুত এগিয়ে এসে নিশ্চিত গোল রুখে দেন।

এরপর থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সুইজারল্যান্ড। সপ্তম মিনিটে দান এনদোয়ের শট কাতারের গোলরক্ষক দারুণভাবে রুখে দেন। তিন মিনিট পর আরেকটি সুযোগ পেলেও লক্ষ্যভ্রষ্ট হয় তার জোরালো শট।

১৪তম মিনিটে পেনাল্টি পায় সুইজারল্যান্ড। রেমো ফ্রয়েলারের ওপর ফাউলের পর প্রথমে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। ভিএআর পর্যালোচনার পর সিদ্ধান্ত বহাল থাকলে ১৭তম মিনিটে স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ব্রিল এম্বোলো।

২৪ মিনিটে কর্নার থেকে আবারও চাপ সৃষ্টি করে সুইসরা, তবে রক্ষণ সামলে নেয় কাতার। পরে গরম আবহাওয়ার কারণে সংক্ষিপ্ত ড্রিংকস ব্রেকও নেওয়া হয়।

৩৫ মিনিটে ব্যবধান দ্বিগুণের সুযোগ মিস করেন দান এনদোয়ে। ব্রিল এম্বোলোর পাস থেকে পাওয়া সুযোগে তার শট উঠে যায় গ্যালারিতে।

বিরতির আগ পর্যন্ত একাধিক সুযোগ নষ্ট করলেও প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই ড্রেসিংরুমে যায় সুইজারল্যান্ড।