বাংলাদেশ সময় বুধবার ভোরে ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে মাঠের লড়াইয়ের পাশাপাশি আর্জেন্টিনার জার্সিতেও দেখা যাবে এক বিশেষ নতুনত্ব।
বিশ্বকাপজয়ী দল হিসেবে আর্জেন্টিনার খেলোয়াড়দের জার্সিতে আগের মতোই থাকবে স্বর্ণালি ‘চ্যাম্পিয়নস ব্যাজ’। তবে এর সঙ্গে এবার যুক্ত হয়েছে ফিফার নতুন স্বীকৃতি ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ডেব্যু’ ব্যাজ, যা প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া ফুটবলারদের সম্মান জানাতে চালু করা হয়েছে।
ফিফার এই নতুন উদ্যোগের লক্ষ্য হলো বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া খেলোয়াড়দের সম্মান জানানো। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো চালু হওয়া এই ব্যাজ জার্সির ডান হাতার নিচের অংশে, বিশ্বকাপের অফিসিয়াল লোগোর ঠিক নিচে থাকবে। এতে থাকবে ট্রফির ছবি এবং ‘ফিফা ওয়ার্ল্ড কাপ ডেব্যু’ লেখা।
আর্জেন্টিনার যেসব ফুটবলার এবারই প্রথম বিশ্বকাপের মঞ্চে নামছেন, তাদের মধ্য আছেন হুয়ান মুসো, মার্কোস সেনেসি, ফাকুন্দো মেদিনা, ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস গনসালেস, জিওভান্নি লো সেলসো, জুলিয়ানো সিমেওনে, নিকোলাস পাস ও হোসে ম্যানুয়েল লোপেজ। তাদের কেউ যদি আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামেন, তাহলে অভিষেক ম্যাচেই এই বিশেষ ব্যাজ পরার সুযোগ পাবেন।
তবে ফিফার নিয়ম অনুযায়ী এই ব্যাজ শুধুমাত্র অভিষেক ম্যাচেই ব্যবহার করা যাবে। অর্থাৎ যে ম্যাচে কোনো খেলোয়াড় প্রথমবার বিশ্বকাপে অংশ নেবেন, কেবল সেই ম্যাচেই তার জার্সিতে থাকবে এই বিশেষ চিহ্ন। পরবর্তী ম্যাচগুলোতে আর এটি ব্যবহার করা যাবে না। একইভাবে প্রথম ম্যাচে মাঠে না নামলেও অভিষেকের ম্যাচেই তিনি ব্যাজ পরার সুযোগ পাবেন।
বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনার জার্সিতে আরও একটি বিশেষত্ব থাকছে। তাদের বুকে থাকবে স্বর্ণালি ‘চ্যাম্পিয়নস ব্যাজ’, পাশাপাশি বিশ্বকাপের হাতার প্রতীকও থাকবে সোনালি রঙে। অন্য দলগুলোর ক্ষেত্রে এই প্রতীক থাকবে সাধারণ সাদা বা কালো রঙে।
সব মিলিয়ে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে ঐতিহ্য, সম্মান আর নতুন প্রজন্মকে স্বীকৃতি দেয়ার এক অনন্য সংমিশ্রণ।


