বিশ্বকাপের মঞ্চে বিরল এক ঘটনার সাক্ষী হতে যাচ্ছে ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ অভিযান শুরু করতে যাওয়া পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এবার মাঠে নামবে তাদের ঐতিহ্যবাহী ‘নাম্বার টেন’ জার্সিধারী খেলোয়াড়কে ছাড়াই।
ইনজুরির কারণে দলের অন্যতম বড় তারকা নেইমার উদ্বোধনী ম্যাচে খেলতে পারছেন না। তার অনুপস্থিতিতে দীর্ঘ চার দশকের একটি পরিসংখ্যানের পুনরাবৃত্তি হতে যাচ্ছে। ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ১০ নম্বর জার্সিধারী কোনো খেলোয়াড় ছাড়াই মাঠে নামবে ব্রাজিল।
এর আগে ১৯৮৬ বিশ্বকাপে স্পেনের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে শারীরিক সমস্যার কারণে খেলতে পারেননি কিংবদন্তি জিকো, যিনি তখন ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরতেন। সেই ঘটনার পর দীর্ঘ চার দশকের মধ্যে এবারই প্রথম এমন পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে দলটি।
রোববার (১৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে গ্রুপ ‘সি’-এর ম্যাচে মরক্কোর মুখোমুখি হবে ব্রাজিল।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নেইমারের ইনজুরি প্রসঙ্গে কথা বলেন কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানান, আগামী সপ্তাহে পুরোপুরি দলের সঙ্গে অনুশীলনে ফিরতে পারেন এই ফরোয়ার্ড।
সব মিলিয়ে ১৯৮৬ সালের পর বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে ‘নাম্বার টেন’ ছাড়াই মাঠে নামার মতো বিরল এক অভিজ্ঞতার সামনে দাঁড়িয়ে ব্রাজিল।


