কুষ্টিয়ায় যুবদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন, কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মো. জাকারিয়া আনসার মিলন এবং কুষ্টিয়া সদর উপজেলার আইলচরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী মো. হানিফ কবিরাজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।
এতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে কাজ করার সুস্পষ্ট অভিযোগে মো. জাকারিয়া আনসার মিলনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি-আদর্শ ও সংহতি পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. হানিফ কবিরাজকে প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়।


