ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শিক্ষিকা হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০২:৩১ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে নিহতের স্বজন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহতের স্বামী ইমতিয়াজ সুলতানসহ পরিবারের সদস্য ও শিক্ষার্থীরা অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, কর্মস্থলে একজন শিক্ষককে নৃশংসভাবে হত্যা করা পুরো শিক্ষক সমাজের জন্য চরম উদ্বেগজনক। তারা এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। এর আগে গত ৪ মার্চ বিকেলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের প্রধান আসমা সাদিয়া রুনা তার নিজ কক্ষে খুন হন।

ওই কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের দিনহাজিরার কর্মচারী ফজলুর রহমানকে উদ্ধার করা হয়। আহত অবস্থায় দুজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন। আহত ফজলুরকে হাসপাতালে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান বাদী হয়ে কর্মচারী ফজলুর রহমানকে প্রধান আসামি করে সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও সহকারী অধ্যাপক হাবিবুর রহমান এবং সাবেক সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাসের বিরুদ্ধে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় হত্যা মামলা করেন।

মামলার প্রধান আসামি ফজলুর রহমানকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে বাকি আসামিদের এখনো আইনের আওতায় আনতে পারেনি পুলিশ।