ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

অস্ত্র ও গুলিসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্য গ্রেপ্তার

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৩, ২০২৬, ১১:৩২ পিএম
ছবিঃ রূপালি বাংলাদেশ

কুষ্টিয়ার ভেড়ামারায় ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ভেড়ামারা থানা পুলিশ।

সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলা মোকারিমপুর ইউনিয়নের গোপীনাথপুর সেন্টার জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক তিনজন হলেন- ভেড়ামারা উপজেলার গোলাপনগর কদমতলা গ্রামের সাজেদুল হকের পুত্র সিয়াম সরদার (২৪), ধরমপুর ইউনিয়নের ধরমপুর গ্রামের মৃত খন্দকার শামীমের পুত্র মোঃ তানভীর আলম হিমেল (২৯), এবং নাটোরের লালপুর উপজেলার চন্ডিগাছা গ্রামের মোঃ সরোয়ার হোসেন কালামের পুত্র মোঃ শামসুদ্দিন আহমেদ টেলু (২২)।

ভেড়ামারা থানা সূত্রে জানা গেছে, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ছয় সদস্যের একটি আন্তঃজেলা ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। টহল টিম ঘটনাস্থলে পৌঁছালে তিনজন পালিয়ে যায়, বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি শুটার গান, দুই রাউন্ড গুলি, একটি চাইনিজ মাল্টিপুল চাপাতি, এক বোতল মদ, একটি আইফোন, একটি শাওমি ফোন, লোহার পাইপ এবং একটি সাদা প্রাইভেটকার জব্দ করা হয়।

ভেড়ামারা থানার ওসি মুহাম্মদ জাহেদুর রহমান জানান, গ্রেপ্তার তিনজনের নামে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে।