কুষ্টিয়ার মিরপুরে সাহাবুল হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
সোমবার (৩০ মার্চ) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এনায়েত কবির সরকার আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত তিন আসামিকে কারাগারে পাঠানো হয় এবং অপর এক আসামি পলাতক থাকায় তাকে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মিরপুর উপজেলার মিটন পশ্চিমপাড়া গ্রামের মহিন প্রামাণিকের ছেলে আসাদুল প্রামাণিক ওরফে কালু, আবুল কাশেমের ছেলে হাবিল হোসেন, ওমর আলীর ছেলে মিলন এবং মাজিরহাট খাঁপাড়া গ্রামের মসলেম মোল্লার ছেলে আবু তাহের।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২০ অক্টোবর বিকেলে সাহাবুল বাজার করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। বাজার শেষে তিনি ছেলে সাব্বিরের মাধ্যমে জিনিসপত্র বাড়িতে পাঠিয়ে দেন। এরপর রাত থেকে তিনি নিখোঁজ হন। পরদিন সকালে বুরাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পেছনে নওদা আজমপুর মাঠপাড়ার একটি ধইঞ্চা ক্ষেতের আইলে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী সুমি খাতুন মিরপুর থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসএম জাবিদ হাসান ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় ১৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন