কুষ্টির কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের বড় মাজগ্রামে সাউন্ড বক্স ও মাইকসেট ব্যবহারে নিষেধাজ্ঞার ঘোষণাকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, মাইকিং করে জানানো হয়েছে—কোনো বাড়িতে সাউন্ড বক্স বাজালে সংশ্লিষ্ট ব্যক্তিকে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না। এমন ঘোষণার পর গ্রামজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, গত ২৭ মার্চ জুমার নামাজ শেষে মসজিদ কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, গ্রামের কোনো বাড়িতে উচ্চ শব্দে সাউন্ড বক্স বা মাইকসেট বাজানো হলে সংশ্লিষ্টদের ঈদগাহ, মসজিদ ও কবরস্থানের কার্যক্রম থেকে বিরত রাখা হবে।
সম্প্রতি একটি খৎনা অনুষ্ঠানে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে উত্তেজনা বাড়লে কমিটি এমন সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।
এদিকে, মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই বলছেন, দেশের প্রচলিত আইনে এভাবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষে সাউন্ড বক্স বা গান-বাজনা সম্পূর্ণ নিষিদ্ধ করার সুযোগ নেই।
বড় মাজগ্রাম জামে মসজিদের সভাপতি আমির হোসেন বলেন, এটি সম্পূর্ণ নিষেধাজ্ঞা নয়; বরং উচ্চ শব্দ নিয়ন্ত্রণের বিষয়টি বিবেচনায় রেখে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মাইকিংয়ে ঠিক কী প্রচার হয়েছে, সে বিষয়ে তিনি অবগত নন।
এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, প্রচলিত আইনে এভাবে গান-বাজনা নিষিদ্ধ করার সুযোগ নেই।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন