ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাবেক উপদেষ্টা মাহফুজের ভাইয়ের ৯৬ লাখ টাকার সম্পদ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৯:৫০ এএম
এনসিপি নেতা মাহবুব আলম। ছবি : রুপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে সংসদ সদস্য প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম পেশায় ব্যবয়াসী।তার বার্ষিক আয় ১৫ লাখ টাকা; নেই বাড়ি-গাড়ি ও ফ্ল্যাট। তবে তিনি ৯৬ লাখ ৭০ হাজার টাকার সম্পদের মালিক।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া নির্বাচনি হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। 

মাহবুব সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই ও রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মোল্লাবাড়ির আজিজুর রহমানের ছেলে।  তার বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। 

হলফনামা থেকে জানা যায়, ব্যবসা থেকে মাহবুবের বার্ষিক আয় ১৫ লাখ টাকা। এ ছাড়া ৯৬ লাখ ৭০ হাজার টাকা তার সম্পদের পরিমাণ দেখানো হয়েছে। তিনি সর্বশেষ ১ লাখ ৫০ হাজার টাকা আয়কর দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার দিন তার কাছে ৩০ হাজার টাকা ছিল। ব্যাংক এশিয়ায় মাহবুবের হিসাবে ১ লাখ ৫৩ হাজার ৮২০ টাকা, ব্র্যাক ব্যাংকে ৭৮৭ টাকা, প্রাইম ব্যাংকে ৬ টাকা এবং এনআরবিসি ব্যাংক হিসাবে ৫ টাকা রয়েছে।

ক্যাসেল হিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে মাহবুবের ৬ হাজার ৫০০ শেয়ার রয়েছে, যার মূল্য ৬ লাখ ৫০ হাজার টাকা। পাশাপাশি অরটেক্স টেক লিমিটেডে ১৩ হাজার ৪০০ শেয়ার রয়েছে, যার মূল্য ১৩ লাখ ৪০ হাজার।

আট লাখ টাকা মূল্যের সোনাসহ বিভিন্ন ধাতুর গহনা ও ইলেকট্রনিক পণ্য রয়েছে ৫০ হাজার টাকার।  প্রোপাইটরশিপ ব্যবসার মূলধন ৭৬ লাখ টাকা। হলফনামায় উল্লিখিত তথ্য অনুযায়ী তার অর্জনকালীন আয় ১ কোটি ৫ লাখ ২৪ হাজার ৬১৮ টাকা। যার বর্তমান মূল্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা।