ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

বৃত্তি পরীক্ষায় পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভাবনীয় সাফল্য

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬, ০৪:৪৪ পিএম
ছবি : সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ চমকপ্রদ সাফল্য অর্জন করেছে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১৩ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জন বৃত্তি অর্জন করেছে। এতে বিদ্যালয়ের সাফল্যের হার দাঁড়িয়েছে ৯২ দশমিক ৩০ শতাংশ।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃত্তিপ্রাপ্ত ১২ শিক্ষার্থীর মধ্যে ৭ জন ট্যালেন্টপুলে এবং ৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। গ্রামীণ এলাকায় শিক্ষার মানোন্নয়নে এ অর্জন একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

ফলাফল প্রকাশের পর বিদ্যালয়জুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। কৃতী শিক্ষার্থীদের পাশাপাশি আনন্দে ভাসছেন অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় বাসিন্দারাও। তাদের মতে, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, নিয়মিত তদারকি, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত ফলই এই সাফল্য।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শামসুর রহমান শামীম বলেন, শিক্ষার্থীদের এই অসাধারণ অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই সাফল্য আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান উন্নয়নে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখব।

এদিকে বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী, তাদের অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের অভিনন্দন জানিয়েছেন এলাকার বিশিষ্টজন ও শুভাকাঙ্ক্ষীরা। তারা আশা প্রকাশ করেন, পশ্চিম শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আগামী দিনেও এ সাফল্যের ধারা অব্যাহত রেখে শিক্ষাক্ষেত্রে আরও অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে।