লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে জান্নাত আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের আবিরনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাত দক্ষিণ লাহারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ও ওই গ্রামের খামার বাড়ির বাসিন্দা কৃষক নুর হোসেন নুরুর মেয়ে।
পরিবার ও স্থানীয়রা জানায়, জান্নাত বাড়ির সামনে খেলতে গিয়ে পরিবারের সদস্যদের অজান্তে ঘরের পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে চারদিকে অনেক খোঁজাখুঁজি করা হয়। খোঁজার মাঝে স্বজনরা তাকে পানিতে ভাসতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম রনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে মৃত অবস্থায়ই শিশুটিকে আনা হয়েছিল।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন