ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জনগণের মুখোমুখি লালমনিরহাট-৩ আসনের ৬ এমপি প্রার্থী

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ১২:০১ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

‘একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই’এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লালমনিরহাট-৩ (সদর) আসনের ৬ জন সংসদ সদস্য পদপ্রার্থী জনগণের মুখোমুখি হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) লালমনিরহাট রেলওয়ে মুক্তমঞ্চে সুশাসনের জন্য নাগরিক (সুজন) লালমনিরহাট জেলা শাখার আয়োজনে এই ব্যতিক্রমী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সদর আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সরাসরি প্রার্থীদের কাছে এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও সুশাসন নিয়ে প্রশ্ন করার সুযোগ পান। প্রার্থীরাও জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচিত হলে তাঁদের পরিকল্পনা ও নির্বাচনি অঙ্গীকার তুলে ধরেন।

সুজন জেলা শাখার সভাপতি আমিরুল হায়াত আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে লালমনিরহাট-৩ আসনের প্রতিদ্বন্দ্বী ৬ জন প্রার্থীই অংশগ্রহণ করেন। এর মধ্যে বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থীরা উপস্থিত থেকে ভোটারদের নানা প্রশ্নের জবাব দেন।

আয়োজক ও স্থানীয় সচেতন নাগরিকরা জানান, এ ধরনের উন্মুক্ত আলোচনার মাধ্যমে ভোটাররা প্রার্থীদের সম্পর্কে স্পষ্ট ধারণা পান। এটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও শক্তিশালী করে। নাগরিকদের সচেতন অংশগ্রহণই একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের প্রধান ভিত্তি।

স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি প্রাণবন্ত জনসভায় পরিণত হয়। ভোটাররা মনে করছেন, ভোটের আগে প্রার্থীদের এমন সরাসরি জবাবদিহিতা সঠিক প্রার্থী নির্বাচনে সহায়ক ভূমিকা পালন করবে।