ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও চিনি জব্দ

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৮:০৯ এএম
ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জে সীমান্তে পৃথক তিনটি অভিযানে ভারতীয় ৯টি গরু ও ৭০ কেজি চিনি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাকারবারীরা গরু ফেলে পালিয়ে যায়।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে বিজিবির লালমনিরহাট ব্যাটালিয়নের (১৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে বনচৌকি বিওপির আমঝোল, দুর্গাপুর বিওপির বানিয়াটারী এবং মোগলহাট বিওপির চওড়াটারী এলাকায় পৃথক তিনটি বিশেষ টহল পরিচালনা করা হয়।

এ সময় ভারতীয় সীমান্ত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহলদল চোরাকারবারীদের চ্যালেঞ্জ জানায়। পরিস্থিতি বুঝতে পেরে তারা গরুগুলো ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে ৯টি গরু ও ৭০ কেজি চিনি জব্দ করা হয়। জব্দ করা গরুর মূল্য প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকা এবং চিনির মূল্য ১৪ হাজার ১০০ টাকা। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য দাঁড়িয়েছে ১২ লাখ ৬৪ হাজার ১০০ টাকা।

বিজিবি জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

লালমনিরহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, সীমান্তে চোরাচালান দমন ও নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’