ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অস্তিত্বহীন মসজিদের নামে প্রকল্প বরাদ্দ, বিএনপি নেতাকে শোকজ

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: জুন ৩, ২০২৬, ১০:২৩ পিএম
বিএনপি নেতা নুর হোসেন চৌধুরী আরজু। ছবি : সংগৃহীত

অস্তিত্বহীন মসজিদের নাম তালিকাভুক্ত করে উন্নয়ন বরাদ্দ নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতা নুর হোসেন চৌধুরী আরজুর বিরুদ্ধে। এ ঘটনায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তিনি লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন বিএনপির সভাপতি।

বুধবার (৩ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটওয়ারী।

শোকজ নোটিশে উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক বিটু পাটওয়ারীর স্বাক্ষর রয়েছে। আগামী ৭ জুনের মধ্যে আরজুকে লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে।

শোকজ নোটিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য বিভিন্ন মসজিদের তালিকা সংগ্রহ করে বরাদ্দের আবেদন করেন। ওই তালিকায় ‘নুরনবী চৌধুরী জামে মসজিদ’ নামে একটি প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করেন আরজু। পরে ওই প্রতিষ্ঠানের নামে ৩ লাখ টাকা বরাদ্দ আসে।

তালিকা প্রকাশের পর স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও বিতর্কের সৃষ্টি হয়। অভিযোগ রয়েছে, ঘটনাস্থলে কোনো স্থায়ী পাঞ্জেগানা বা জামে মসজিদ নেই। পুকুরে গোসল শেষে স্থানীয়রা একটি মাচার মতো স্থানে নামাজ আদায় করেন। বিষয়টি প্রকাশ্যে আসার পর দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে শোকজ নোটিশে উল্লেখ করা হয়। একই সঙ্গে অভিযোগ করা হয়, ঘটনাটি দলের শৃঙ্খলা ও নৈতিকতার পরিপন্থী।

চররুহিতা ইউনিয়ন বিএনপির নাম প্রকাশে অনিচ্ছুক দুই নেতা দাবি করেন, আরজু তার বাবা নুরনবী চৌধুরীর নামে মসজিদ দেখিয়ে বরাদ্দ এনেছেন। অথচ ওই নামে এলাকায় কোনো মসজিদ নেই।

তাদের অভিযোগ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামালুর রহিম মানিকও তার বাবা তাজল ইসলাম ভূঁইয়ার নামে একটি মসজিদ দেখিয়ে বরাদ্দ নিয়েছেন। যদিও ওই নামের কোনো মসজিদও ইউনিয়নে নেই।

অভিযোগ অস্বীকার করে নুর হোসেন চৌধুরী আরজু দাবি করেন, তার মসজিদ রয়েছে এবং সেখানে ইমাম ও মুয়াজ্জিন আছেন। তিনি ইমামকে বেতনও দেন। তার ভাষ্য, কেন তাকে শোকজ করা হয়েছে, সেটি শোকজদাতারাই ভালো বলতে পারবেন। একইভাবে মানিকের বাবার নামেও একটি মসজিদ রয়েছে বলে তিনি দাবি করেন।

লক্ষ্মীপুর সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটওয়ারী বলেন, বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আরজুর কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।