লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী কলসীর মুখ সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করলে তা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর কড়া প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত খুঁটিটি সরিয়ে নেয় বিএসএফ।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে কুচলিবাড়ী এলাকার জিরো লাইনের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, বৃহস্পতিবার সকালে কুচলিবাড়ী এলাকার জিরো লাইনের কাছে বিএসএফ সদস্যরা নিয়মবহির্ভূতভাবে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করে। বিষয়টি স্থানীয় বাসিন্দা ও বিজিবি টহল দলের নজরে এলে তাৎক্ষণিকভাবে আপত্তি জানানো হয়। এরপর বিজিবি আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার আহ্বান জানিয়ে তীব্র প্রতিবাদ জানায়। বিজিবির অনড় অবস্থানের কারণে বিএসএফ সদস্যরা খুঁটিটি অপসারণ করতে বাধ্য হয়।
ঘটনার পর সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। বর্তমানে ওই এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমান বলেন, সীমান্ত এলাকায় বিএসএফ প্রায়ই এ ধরনের চেষ্টা করে থাকে। বিজিবির তাৎক্ষণিক প্রতিবাদের কারণে তারা সেগুলো সরিয়ে নিতে বাধ্য হয়। সীমান্তের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।


