লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সতি নদী থেকে নিখোঁজ কৃষক শিশু বর্মনের (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের হররাম এলাকার বাসিন্দা এবং তারক নাথ চন্দ্রের ছেলে।
শনিবার (১৮ জুলাই) সকালে হররাম পূর্বপাড়া এলাকার সতি নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। স্বজনরা মরদেহটি শিশু বর্মনের বলে শনাক্ত করেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ধানের চারা রোপণের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন শিশু বর্মন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
স্থানীয় ইউপি সদস্য সোহেল রানা জানান, শুক্রবার সকাল থেকেই শিশু বর্মন নিখোঁজ ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নদী পার হওয়ার সময় তিনি পানিতে পড়ে ডুবে মারা যেতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্তের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) ওসমান গনি বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

