মাদারীপুরে যাত্রীবাহী বাস ও তরমুজ বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার তাঁতীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিয়ে ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল বাগদাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে তাঁতীবাড়ি এলাকায় পৌঁছালে বরিশাল থেকে ছেড়ে আসা তরমুজ বোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়ির চালকসহ অন্তত ১৫ জন যাত্রী আহত হন।
আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।
এ বিষয়ে মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মামুন আল রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
-20260319101514.webp)

