মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মেসার্স রুমী ফিলিং অ্যান্ড সিএনজি ফিলিং স্টেশনের নামে আনা বিপুল পরিমাণ পেট্রোল অবৈধভাবে অন্যত্র বিক্রির অভিযোগে পাম্প ম্যানেজারসহ দুইজনকে আটক করেছে প্রশাসন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিষা রানী কর্মকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে রুমী ফিলিং অ্যান্ড সিএনজি স্টেশনের ম্যানেজার এসএম বাবুল হোসেন (৫০) এবং ডিজেল ডিলার মামুন প্রধান (৪২) আটক হন। পরে তাদের শিবালয় থানায় সোপর্দ করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) মানিকগঞ্জ জেলা কর্মকর্তারা বিষয়টি শনাক্ত করলে প্রশাসন দ্রুত অভিযান চালায়। এ সময় পেট্রোল পরিবহনে ব্যবহৃত একটি লরি জব্দ করা হয়।
জানা যায়, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) জেলা সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রহিম খানের মালিকানাধীন রুমী ফিলিং স্টেশনের নামে ফতুল্লার মেঘনা ডিপো থেকে প্রায় সাড়ে ৪ হাজার লিটার পেট্রোল এবং ৯ হাজার লিটার ডিজেল আনা হয়। তবে পেট্রোল স্টেশনে সরবরাহ না করে তা অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
অভিযোগ রয়েছে, পেট্রোলবাহী লরি (ঢাকা মেট্রো-চ ৪১-০০৩৫) থেকে জ্বালানি উপজেলা নির্বাহী অফিসের দক্ষিণ পাশে অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিলার মামুন এন্টারপ্রাইজের দোকানে খালাস করা হয়।
পরে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে অভিযোগের সত্যতা পান উপজেলা নির্বাহী অফিসার এবং সংশ্লিষ্টদের আটক করেন।
উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার জানান, জব্দকৃত পেট্রোল নিলামের মাধ্যমে বিক্রি করে অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। পাশাপাশি জব্দ করা লরিটির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি ।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন