ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

চিকিৎসাধীন অবস্থায় তরুণীর মৃত্যু, এলাকায় উত্তেজনা

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৪:০৩ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের শমশেরনগরে ক্যামেলিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐশী রবিদাস নামে এক তরুণীর মৃত্যু ঘিরে শ্রমিক ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

জানা যায়, বাবুল রবিদাসের মেয়ে ঐশী রবিদাস শমশেরনগর রবিদাস টিলা এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে মাথাব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

হঠাৎ মৃত্যুর ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিশেষ করে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিলে হাসপাতাল এলাকায় ভিড় জমে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন।

পরবর্তীতে দায়িত্বরত চিকিৎসককে সঙ্গে নিয়ে পরিস্থিতি শান্ত করা হয় বলে জানা গেছে।

নিহতের পরিবারের অভিযোগ, হাসপাতালে সঠিক চিকিৎসা না পাওয়ার কারণেই তাদের মেয়ের মৃত্যু হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কমলগঞ্জ থানার ওসি মো. আব্দুল আউয়াল বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা এ ঘটনায় চিকিৎসা অবহেলার বিষয়টি তদন্তের দাবি জানিয়েছেন।