মৌলভীবাজার সদর উপজেলার বাউরবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতির ঘটনায় আগ্নেয়াস্ত্র, পাইপগান ও কার্তুজসহ কুখ্যাত ডাকাত সর্দার রুবেলসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত দুটি পাইপগান, ২১ রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
গত ১৩ এপ্রিল দিবাগত রাতে বাউরবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতার সহায়তায় শামসুর রহমান আতিক (আশিক) নামে একজনকে ১টি আগ্নেয়াস্ত্র ও ২১ রাউন্ড গুলিসহ আটক করা হয়। এ ঘটনায় পরবর্তীতে তদন্ত শুরু করে পুলিশ।
তদন্তের ধারাবাহিকতায় ১৬ এপ্রিল সিলেটের সিলামসহ হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত ডাকাত রুবেল ও আশরাফ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন ভোরে মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর এলাকায় কলাবাগান থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও কার্তুজের খালি খোসা উদ্ধার করা হয়।
এ নিয়ে একই ঘটনায় এখন পর্যন্ত দুটি পাইপগান, ২১ রাউন্ড গুলি এবং ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়েরের নেতৃত্বে সদর মডেল থানার ওসি মো. সাইফুল ইসলামসহ পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- সৈয়দ শামসুর রহমান আতিক (৩০), রুবেল মিয়া (৪০) ও আশরাফ হোসেন আশরাফুল (২৯)। তারা ডাকাতির উদ্দেশ্যে একটি কবরস্থানে আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছিল বলে জানা যায়।
এ সময় স্থানীয়রা ধাওয়া দিলে ডাকাত দল গুলি ছোড়ে। এতে আতিক আহত অবস্থায় আটক হন এবং বাকিরা পালিয়ে যায়। পরে অভিযান চালিয়ে রুবেল ও আশরাফকে গ্রেপ্তার করা হয়।
তাদের তথ্যের ভিত্তিতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


