মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সীমান্তবর্তী ফুলতলা এলাকায় প্রাক-মৌসুমি বৃষ্টি বলয় ‘ঝুমুল’ এবং প্রবল কালবৈশাখী ঝড়ের প্রভাবে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা ও ফুলতলা বস্তি এলাকায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে বিভিন্ন ধরনের ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করে। বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আতাউর রহমান সুজন সরাসরি উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ব্যাটালিয়নের সহকারী পরিচালক মাহফুজার রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২৮ এপ্রিল সংঘটিত প্রবল কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ফুলতলা এলাকার অধিকাংশ ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়াও বহু ঘরবাড়ি ও রাস্তাঘাটের উপর গাছপালা ভেঙে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ প্রেক্ষিতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর উদ্যোগে অধীনস্থ ফুলতলা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার ক্ষতিগ্রস্ত ৪৫টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে- ৪ কেজি চাউল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম মুড়ি, ৫০০ গ্রাম চিড়া, ২ লিটার বিশুদ্ধ পানি, ৫০০ গ্রাম লবণ এবং ৫ প্যাকেট খাবার স্যালাইন।
ত্রাণ বিতরণ কার্যক্রমে স্থানীয় জনগণ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মানবিক ও সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আতাউর রহমান সুজন জানান, বর্ডার গার্ড বাংলাদেশ দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি ও দুর্যোগ মোকাবিলায় সবসময়ই জনগণের পাশে থেকে মানবিক সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। বিজিবির এ মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

