ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হতে হতে হচ্ছে না সেতু, কবরস্থানে লাশও নিতে হয় নৌকায়

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৫:৩৯ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

সরকার ও জনপ্রতিনিধি বারবার পরিবর্তন হলেও পরিবর্তনের ছোঁয়া লাগেনি। বলছিলাম মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ২নং ওয়ার্ডের বিলাসের পাড় গ্রামের সাধারণ মানুষের কথা।

ছড়াপাড়ের মানুষ সেতুর অভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন- যাত্রী, পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ সবাই। বিলাস ছড়ার ওপর দীর্ঘদিন ধরে একটি সেতুর দাবি জানিয়ে আসছেন শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের বিলাসের পাড়ের মানুষ।

স্থানীয়রা জানান, ছড়া পারাপারের একমাত্র উপায় ছিল একটি বাঁশের সাঁকো। সেটি বহু বছর ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। এবার বর্ষা মৌসুমে পানি এসে সাঁকোটি ভেঙে পড়ে।

বর্ষা এলেই পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ এই সাঁকো ব্যবহার করতেন।

সবচেয়ে হৃদয়বিদারক বিষয় হলো- গ্রামে কোনো মৃত্যু ঘটনা ঘটলে কবরস্থানে লাশও নিতে হয় নৌকায়। আধুনিক যুগেও এমন দুর্ভোগে দিন কাটানো নিয়ে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হলেও এখনো সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিশ্রুতি মিললেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যায়নি।

স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে একটি স্থায়ী সেতু নির্মাণ করে দীর্ঘদিনের এই দুর্ভোগ লাঘব করা হোক। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান রমেন্দ্র প্রসাদ বর্ধন জহর বলেন, সেতু নির্মিত হলে আশপাশের এলাকার আর্থসামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন হবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি, দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু হবে বলে আশা করি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান বলেন, এ বিষয়ে আমরা অবগত নই। তবে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।