মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামানের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১০ মে) দুপুরে জুড়ী উপজেলার সচেতন নাগরিকবৃন্দ ও মৎস্যজীবীদের আয়োজনে উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তার নানা অনিয়ম ও দুর্নীতি নিয়ে সম্প্রতি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়েরের পর আজ রোববার তার অপসারণ ও দুর্নীতির তদন্তের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বেলাগাঁও গ্রামের বিশিষ্ট সমাজসেবক রেজান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আফতাব আলী, মোস্তাকিম হোসেন, হাবিবুর রহমান, সুমন আহমেদ, মো. হাবিব মিয়া, আবু নাঈম, জাবেদ আহমদ, আজিজ মিয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা জানান, মো. মনিরুজ্জামান দীর্ঘদিন ধরে জুড়ী উপজেলায় কর্মরত থাকার সুবাদে হাকালুকি হাওর ও মৎস্যখেকোদের নিয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট তৈরি করে হাওর লুটপাট করে আসছেন। এ ছাড়া বিভিন্ন বিলে সরকারি জলমহাল নীতিমালা অমান্য করে সেচ মেশিন দিয়ে বিল শুকিয়ে মাছ আহরণের মাধ্যমে মৎস্য সম্পদ ধ্বংস করেছেন।
বক্তারা আরও জানান, বছরের পর বছর হাকালুকি হাওরের চাতলা, তুরল ও নাগুয়াবিলসহ বিভিন্ন বিলে প্রকাশ্যে ১০ থেকে ১৫টি মেশিন দিয়ে বিল শুকিয়ে মৎস্য আহরণ করার অভিযোগ উঠলেও রহস্যজনক কারণে প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তিনি দায়িত্ব গ্রহণের পর অবৈধ মৎস্য শিকার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরিবর্তে ব্যক্তিগত সুবিধার বিনিময়ে তা পরোক্ষভাবে প্রশ্রয় দিয়ে আসছেন। বক্তারা অবিলম্বে জুড়ীর এই মৎস্য কর্মকর্তার অপসারণ দাবি করেছেন। তবে মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।
-20260510191144.webp)


